RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

দক্ষিণ আফ্রিকায় জোড়া হামলা, গুলিতে নিহত ১৭

দক্ষিণ আফ্রিকার দুটি ভিন্ন জায়গায় বন্দুকবাজের হামলায় ১৭ জনের প্রাণহানির ঘটনায় দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের জোড়া হামলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। আগামী বছর দেশটিতে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনার ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথম হামলাটি হয়েছে রাজধানী প্রিটোরিয়ার কাছে জেফসভিলে বস্তি এলাকায়। সেখানকার একটি ঘর থেকে ছয়জন পুরুষ ও তিনজন মহিলাসহ মোট নয়জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় হামলাটি ঘটেছে পিটারমারিৎজবার্গ শহরের কাছে সুইটওয়াটার্স অঞ্চলে। একটি গাড়ি থেকে আরও আটজন পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতদের পরিচয়ও জানা যায়নি।

পিটারমারিৎজবার্গের পুলিশ জানিয়েছে, কোনো গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগেও দক্ষিণ আফ্রিকায় একাধিক বড় হামলার ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসে ডারবানের কাছে একটি বস্তিতে বন্দুকবাজদের হামলায় এক গর্ভবতী মহিলাসহ ১১ জনের মৃত্যু হয়েছিল। গত জুন মাসে জোহানেসবার্গেও ১২ জন নিহত হন।