ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মুম্বইয়ে দাউদের পৈতৃক বাড়ি ভাঙার প্রস্তুতি, বুলডোজার অভিযানের মুখে মসজিদও
মুম্বইয়ে দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি ও লাগোয়া মসজিদ ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বৃহনমুম্বই পুরনিগম।
ভাঙা পড়তে চলেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মুম্বইয়ের পৈতৃক বাড়ি। বৃহনমুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, ভেন্ডি বাজারের ‘হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা’ নামক এই ভবনটি অত্যন্ত বিপজ্জনক। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হতে পারে। একই সঙ্গে এই ভবনের লাগোয়া একটি মসজিদও ভাঙা পড়তে পারে বলে জানা গিয়েছে।
প্রশাসনের দাবি, ২০২০ সালের ৩১ আগস্ট বম্বে হাইকোর্ট এই ভবনটি নিয়ে নির্দেশিকা জারি করেছিল। এরপর থেকেই বাড়িটি খালি করার প্রক্রিয়া শুরু হয়। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পরিকল্পনা এই বাড়িতে বসেই করা হয়েছিল বলে অভিযোগ। দেশ ছেড়ে পালানোর আগে পরিবার নিয়ে এখানেই থাকত দাউদ।
তবে এই ভাঙার নোটিশকে কেন্দ্র করে স্থানীয় স্তরে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার পুরনিগম কমিশনার অশ্বিনী ভিড়ের উপস্থিতিতে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে বাড়ি ও মসজিদ ভাঙার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই পদক্ষেপে তাঁদের ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হবে। এলাকার বিধায়ক আমিন প্যাটেল দাবি করেছেন, এই ভবন ভাঙার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে।
মসজিদের বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলেছেন। তাঁরা চান, ভবনটি নতুন করে তৈরি হলে যেন সেখানেই তাঁদের স্থায়ী থাকার জায়গা দেওয়া হয়। কোনও অস্থায়ী বন্দোবস্ত তাঁরা চান না। প্রশাসনের তরফে অবশ্য নিরাপত্তার কারণে আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।