পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পুরভোট নিয়ে তরজা তুঙ্গে, সুপ্রিম কোর্টে শুনানি সোমবার
কলকাতা পুরসভার ভোট নিয়ে আইনি জট কাটেনি, সোমবার সুপ্রিম কোর্টে হতে পারে শুনানি।
কলকাতা পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। ঠিক এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল জানান, আদালত কী সিদ্ধান্ত নেবে তা এখনই বলা সম্ভব নয়। তবে তাঁদের দল এবং সরকার চায় যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। তাঁর দাবি, মাঠে কোনও জনপ্রতিনিধি না থাকায় পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। বিরোধী দলগুলি ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তাঁরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানান।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, বিরোধীদের জনসমর্থন ও সাংগঠনিক শক্তি না থাকায় তারা ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাঁর মতে, ভোট হলে বিরোধীরা আসন পাবে না জেনেই তারা নির্বাচন এড়িয়ে চলতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থায় আদালত সবসময় ভোটের পক্ষেই থাকে বলে মন্তব্য করেন তিনি।
কলকাতা পুরভোট সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শোনার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং দ্রুত শুনানির আর্জি জানানো হয়।