পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পুরনিয়োগ দুর্নীতি মামলা, সিবিআইয়ের তলব প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালককে
পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালককে তলব করল সিবিআই, বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাঁকে।
পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার তলব করল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর শ্যালককে। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি শ্যালককে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।
বর্তমানে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন সুজিত বসু। তদন্তের প্রয়োজনে সিবিআই আধিকারিকরা সম্প্রতি জেলেই তাঁকে জেরা করেছেন। তবে সেই জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা সন্তুষ্ট নন বলেই জানা গিয়েছে। সুজিতের আর্থিক লেনদেনের ধরন এবং দুর্নীতির জাল কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখতেই এবার তাঁর আত্মীয়কে তলব করা হয়েছে।
এর আগে ইডি এই মামলার তদন্তে সুজিতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিল। উল্লেখ্য, অর্থের বিনিময়ে পুরসভায় চাকরি দেওয়ার অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় ৩৪০ জনের কাছ থেকে মাথাপিছু ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। এর মধ্যে ২৮৪ জনের নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ বেআইনি। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। রাজ্যজুড়ে এই দুর্নীতিতে মোট ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে ইডির অনুমান।
উল্লেখ্য, গত মে মাসে ইডি সুজিত বসুকে গ্রেপ্তার করে। তার আগে বিধানসভা নির্বাচনের সময় তিনি হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।