খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, ইংল্যান্ড সিরিজই শেষ টেস্ট মুশফিকের
২১ বছরের কেরিয়ারে দাড়ি টেনে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মুশফিকুর রহিম।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। দীর্ঘ ২১ বছর দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলার পর বুটজোড়া তুলে রাখছেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। শনিবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক কেরিয়ার শেষ করবেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। ২০০৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ১০৮টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৭০৬২ রান। ঝুলিতে রয়েছে ১৪টি শতরান এবং ১১৫টি ক্যাচ। বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা, সবচেয়ে বেশি রান এবং সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর নামেই। এর আগে সীমিত ওভারের ক্রিকেট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টেস্ট ক্রিকেট ছাড়ার মধ্য দিয়ে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের পরিসমাপ্তি ঘটতে চলেছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, কিছুদিন আগেই মুশফিকুর তাঁকে ফোন করে অবসরের ইচ্ছের কথা জানান। তামিম বলেন, ফেসবুকে পোস্ট করে নয়, বরং সসম্মানে মাঠ থেকে বিদায় জানানো উচিত দেশের ক্রিকেটের এই অন্যতম সেরা সেবককে। তামিমের অনুরোধেই ইংল্যান্ডের বিরুদ্ধে মিরপুর টেস্টকে বিদায়ী ম্যাচ হিসেবে বেছে নিয়েছেন মুশফিকুর। সে দেশের ক্রিকেট মহলে তারকাদের বিদায় সাধারণত মাঠের বাইরেই ঘটে থাকে। তবে মুশফিকের ক্ষেত্রে একটি যথাযথ ও সম্মানজনক বিদায়ী সংবর্ধনার ব্যবস্থা করা হতে পারে বলে বোর্ড সূত্রে ইঙ্গিত মিলেছে।