RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সিকিম সীমান্তে রহস্যময় বিমান, ভারতের আকাশে চক্কর কাটার অভিযোগ

গত ১২ নভেম্বর সিকিমের ভারত-চিন সীমান্তে একটি রহস্যময় বিমান প্রায় ২৫ মিনিট ধরে ভারতের আকাশে চক্কর কাটে বলে অভিযোগ।

সিকিমের ভারত-চিন সীমান্তে গত ১২ নভেম্বর একটি রহস্যময় বিমান দেখা গিয়েছে বলে খবর। চিন সীমান্ত পেরিয়ে ওই বিমানটি ভারতের আকাশে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর কাটে বলে অভিযোগ।

সেনা সূত্রে খবর, গত ১২ নভেম্বর সকাল আটটা নাগাদ সিকিম সীমান্তে ওই বিমানটি দেখা যায়। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল সেটি। ভারতীয় বায়ুসেনা সতর্ক করলেও বিমানটি সরে যায়নি বলে অভিযোগ। প্রায় ২৫ মিনিট পর সেটি আর দেখা যায়নি।

চিনের সামরিক বিমান নজরদারির জন্য এই কাণ্ড ঘটিয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এই বিষয়ে বায়ুসেনার তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ডোকলাম বিবাদ এবং উত্তেজনার আবহে এই ঘটনা যথেষ্ট উদ্বেগের জন্ম দিয়েছে ওয়াকিবহাল মহলে।

উল্লেখ্য, এই এলাকার কাছেই রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেনস নেক করিডর। সেই এলাকার নিরাপত্তা আরও পোক্ত করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করছে। সীমান্তে মোতায়েন করা হচ্ছে আধুনিক সমরাস্ত্র।