RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বোলপুর ও শান্তিনিকেতনের আকাশে রহস্যময় আলো, কৌতুহল তুঙ্গে

শুক্রবার গভীর রাতে বোলপুর ও শান্তিনিকেতনের আকাশে একটি অদ্ভুত চোঙাকৃতি আলো দেখা যায়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে বোলপুর ও শান্তিনিকেতনের পরিষ্কার আকাশে একটি অস্বাভাবিক চোঙাকৃতি আলোর রেখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ মিনিট ধরে আকাশে সেই আলো দৃশ্যমান ছিল। এর পরেই সেটি মিলিয়ে যায়। তবে এই ঘটনার ফলে এলাকায় যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে এবং সামাজিক মাধ্যমে ছবিগুলি দ্রুত ছড়িয়ে পড়েছে। শুধু বোলপুর নয়, মেদিনীপুর সহ রাজ্যের অন্যান্য অঞ্চলেও এই আলোর দেখা মিলেছে বলে খবর।

এই ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ-সম্পাদক জয়দেব চন্দ্রের মতে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে আলোর বিচ্ছুরণের কারণে এমন দৃশ্য স্বল্প সময়ের জন্য দেখা যেতে পারে। পাশাপাশি, অন্য একটি মহলের অনুমান, প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র কোনও পরীক্ষামূলক কাজের সঙ্গে এই আলোর উৎস যুক্ত থাকতে পারে। যদিও নিশ্চিতভাবে কোনো কারণ এখনও স্পষ্ট করা যায়নি।