RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নবান্নে বদলাচ্ছে রং, নীল-সাদা থেকে সেজে উঠছে হলুদ-সাদায়

নীল-সাদা রং বদলে হলুদ-সাদায় সেজে উঠতে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন।

নীল-সাদা রঙের প্রলেপ সরে এবার বদলাতে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের রং। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ঐতিহাসিক ভবনের নতুন রং হতে চলেছে হলুদ-সাদা। প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পরই এই রঙ চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই রঙের কাজ শুরু হবে বলে খবর।

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন সরকারি ভবন ও রাস্তাঘাটে রঙের পরিবর্তনের ছবি সামনে এসেছে। নীল-সাদার বদলে কোথাও গেরুয়া আবার কোথাও হলুদ-সাদা রঙের ব্যবহার দেখা গিয়েছে। কয়েক মাস আগেই নবান্নের ফলকের রং বদলে গেরুয়া করা হয়েছিল। একইসঙ্গে বিকাশ ভবনের নামফলকও পরিবর্তন করা হয়।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ভবন সংস্কারের জন্য ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে এবং সেই প্রক্রিয়া চলছে। নবান্নের পাশেই অবস্থিত উপান্ন ভবনেরও ভিতর ও বাইরে মেরামতির কাজ করা হবে। তবে মহাকরণে প্রশাসনিক কাজকর্ম আবার ফিরে যাওয়া নিয়ে জল্পনা থাকলেও, পরিকাঠামোগত নানা সমস্যার কারণে আপাতত নবানু থেকেই সমস্ত কাজ পরিচালিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।