RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

এক শতাব্দী পরে ব্রিটেনে থেকে নাগাল্যান্ড ফিরছে পূর্বপুরুষদের দেহাবশেষ

প্রায় এক শতাব্দী পর ব্রিটেনের পিট রিভার্স মিউজিয়াম থেকে নিজ রাজ্যে ফিরে আসছে ৩৯টি নাগা পূর্বপুরুষের দেহাবশেষ।

প্রায় এক শতাব্দী আগে ব্রিটিশরা যে দেহাবশেষগুলি নিয়ে গিয়েছিল, তা এবার নিজের মাটিতে ফিরছে। অক্সফোর্ডের পিট রিভার্স মিউজিয়ামে এতদিন সংরক্ষিত ছিল ৩৯টি নাগা পূর্বপুরুষের দেহাবশেষ। এই অবশেষগুলির মধ্যে একজন গ্রামপ্রধান, একজন নারী এবং দুটি শিশু রয়েছে। শুক্রবার সেগুলি নাগাল্যান্ডে এসে পৌঁছবে।

উপনিবেশ আমলের বিভিন্ন প্রত্নসামগ্রী এবং অবশেষ ব্রিটিশরা নিজেদের দেশে নিয়ে গিয়ে সাজিয়েছিল। ওই অঞ্চলে কর্মরত থাকার সুযোগ নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত জন হেনরি হাটন এবং জেমস ফিলিপ মিলস এই অবশেষগুলি সংগ্রহ করেছিলেন। গত শতাব্দীর প্রথম ভাগের বিভিন্ন সময়ে সেগুলি সংগ্রহ করা হয়।

কোভিড মহামারীর সময়কালে এই দেহাবশেষ ফেরানোর সম্ভাবনা তৈরি হয়। ডলি কিকোন নামে এক নাগা নৃবিজ্ঞানী ২০২০ সালে জানতে পারেন জাদুঘর কর্তৃপক্ষ মানব অবশেষ প্রদর্শনের নীতি নিয়ে ভাবনাচিন্তা করছে। এর পরেই শুরু হয় যোগাযোগ ও আলোচনা। দীর্ঘ ছয় বছরের আলোচনার পর ব্রিটিশ মিউজিয়াম সেগুলি ফেরত দিতে রাজি হয়। নাগাল্যান্ড থেকে যাওয়া প্রতিনিধিদের হাতে ওই অবশেষগুলি তুলে দেওয়া হয়েছে।

অক্সফোর্ডের ওই সংগ্রহশালাটি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে ছয় লক্ষেরও বেশি বস্তু রয়েছে, যার বেশিরভাগই ঔপনিবেশিক আমলের সংগ্রহ। গবেষক এবং প্রশাসকরা অতীতে উপমহাদেশ থেকে সেগুলি নিয়ে গিয়েছিলেন।