RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নন্দীগ্রামের জন্য ১৫ কোটির উপহার, কালীপুজোয় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কালীপুজোয় নন্দীগ্রামের জন্য প্রায় পনেরো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কালীপুজোয় নন্দীগ্রামের মানুষের জন্য প্রায় ১৫ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার নন্দীগ্রাম থানার পুজোয় যোগ দেন তিনি। সেখানে একাধিক নতুন কাজের কথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামে তৈরি হবে নতুন পুলিশ ফাঁড়ি এবং অফিসারদের কোয়ার্টার। এ ছাড়াও একটি নতুন অডিটোরিয়াম তৈরির কথা ঘোষণা করেন তিনি, যেখানে দেড়শো জনের বেশি মানুষের বসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, পুলিশ ক্যান্টিন নির্মাণ, স্নানের ঘাট সংস্কার এবং আইটিআই কলেজ তৈরির কাজও করা হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত থানায় জিম, পানীয় জলের ব্যবস্থা এবং জেনারেটর তৈরি করে দেবে রাজ্য সরকার। সেই তালিকার মধ্যে নন্দীগ্রাম থানাও রয়েছে বলে তিনি জানান। সোনাচূড়ায় আউটপোস্ট তৈরির জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব বাড়লেও নন্দীগ্রামের মানুষের প্রতি তাঁর টান রয়েছে। উৎসবে ও বিপদে নন্দীগ্রামের মানুষ তাঁকে পাশে পাবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, হলদিয়া উন্নয়ন পর্ষদের মাধ্যমে এই উন্নয়নের কাজগুলির ভূমিপুজো করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।