RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ম্যানিলায় শতাব্দীপ্রাচীন গুরুদ্বারের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

ফিলিপিন্স সফরে গিয়ে ম্যানিলার প্রাচীনতম খালসা দিওয়ান গুরুদ্বারের পুনর্নির্মাণ কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অবস্থিত প্রাচীনতম গুরুদ্বার খালসা দিওয়ানের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার এই ঐতিহাসিক গুরুদ্বারের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি জানান, এই প্রাচীন প্রতিষ্ঠানের ভিত্তি রাখতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সোমবার তিনদিনের সফরে ফিলিপিন্সে পা রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানিলায় মেয়রের পাশাপাশি সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো। বিদেশ মন্ত্রক জানিয়েছে, খালসা দিওয়ান গুরুদ্বার ভারত ও ফিলিপিন্সের মধ্যকার দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক। মঙ্গলবার প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, গুরু সাহিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিখ সমাজ বিশ্বজুড়ে সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯০১ সালে স্থাপিত এই গুরুদ্বারটি পরে ১৯২৪ সালে নিবন্ধিত হয়। মূলত আসিয়ান-ভারত এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতেই ফিলিপিন্স সফর করছেন নরেন্দ্র মোদি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই সফর আয়োজিত হয়েছে।