RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দুর্যোগে পিছাল বিসর্জন, চন্দননগর ও কৃষ্ণনগরে বাড়ল পুজো কমিটির খরচ

প্রাকৃতিক দুর্যোগের জেরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও বিসর্জন পিছিয়ে যাওয়ায় চন্দননগর ও কৃষ্ণনগরে বারোয়ারিগুলির খরচ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে গিয়েছে চন্দননগর এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও বিসর্জন। যা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, তা হবে রবিবার। এর ফলে সমস্ত বারোয়ারির বাজেট মিলিয়ে দেড় থেকে দু'কোটি টাকা পর্যন্ত খরচ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। পুজো উদ্যোক্তাদের দাবি, লরি ভাড়া, জেনারেটর, আলোকসজ্জা এবং ভিনরাজ্য থেকে আনা ব্যান্ডের বাড়তি খরচের জেরে আর্থিক চাপ তৈরি হয়েছে।

চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে সব কমিটির সম্মতিকিয়েই শোভাযাত্রা তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এর ফলে প্রতিটি বারোয়ারির এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। লরির দৈনিক ভাড়া, প্যান্ডেলে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষীদের বেতন বাবদ এই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। অনেক কমিটি ভিনরাজ্যের ব্যান্ড দলগুলোকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, কৃষ্ণনগর এবং তেহট্টেও বিসর্জনের সূচি পরিবর্তন করা হয়েছে। চাষাপাড়ার বুড়িমাকে বৃহস্পতিবার রাতে মন্দিরে ফিরিয়ে আনা হয়েছে এবং সেখানে প্রতিদিন পুজো ও ভোগ চলবে। তেহট্টেও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আগামী সোমবার বিসর্জনের শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।