ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
স্পিকারকে জবাব NCPI সাংসদদের, ব্যাখ্যা দিলেন অরূপ চক্রবর্তী
লোকসভার স্পিকারের নোটিসের জবাব দিলেন NCPI সাংসদরা। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না, তার ব্যাখ্যা দিলেন তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী।
লোকসভার স্পিকারের নোটিসের জবাব দিলেন NCPI সাংসদরা। কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না এবং কেন তাঁরা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না, তা স্পিকারকে জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে মুখ খুলেছেন তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী।
অরূপ চক্রবর্তী জানান, তাঁরা স্পিকারের চাহিদা অনুযায়ী উত্তর দিয়েছেন। তিনি বলেন, ভারতীয় সংবিধানের কোনও নিয়ম তাঁরা লঙ্ঘন করেননি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সংগঠনের স্বার্থে তাঁরা বৈঠক করে NCPI গঠন করার সিদ্ধান্ত নেন এবং তা স্পিকারকে জানিয়ে দেন বলে জানান তিনি।
NCPI-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থন করার কথা জানান তালডাংরার সাংসদ। তাঁর দাবি, তাঁরা সংখ্যাগরিষ্ঠ দল এবং সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তই মান্যতা পাবে। দলবিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
উত্তর দিতে দেরি হওয়া প্রসঙ্গে অরূপ চক্রবর্তী জানান, দুর্গাপুজো, কালীপুজো, দিওয়ালি এবং ভাইফোঁটার মতো বিভিন্ন উৎসবের কারণে তাঁরা বারবার সময় চেয়েছিলেন। দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ খণ্ডন করে জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বিষয়ে স্পিকারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে।