RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সাংসদ পদ খারিজ মামলা, স্পিকারের কাছে জবাব দিলেন এনসিপিআই সাংসদরা

নির্দিষ্ট ডেডলাইন মেনে লোকসভার স্পিকারের কাছে নিজেদের জবাব জমা দিলেন এনসিপিআই-এর কুড়ি জন সাংসদ।

লোকসভার স্পিকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই জবাব দিলেন এনসিপিআই দলের ২০ জন সাংসদ। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না এবং তাঁরা কোন দলে রয়েছেন, তা আলাদা আলাদা চিঠিতে স্পিকারকে জানিয়েছেন তাঁরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ খণ্ডন করেছেন অভিযুক্ত সাংসদরা।

লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এর আগে চার বার সময় চেয়ে নিয়েছিলেন এনসিপিআই সাংসদরা। পঞ্চম বার তাঁরা নিজেদের বক্তব্য পেশ করলেন। দলত্যাগ বিরোধী আইনের আওতায় কেন তাঁরা পড়ছেন না, তার বিস্তারিত ব্যাখ্যাও চিঠিতে দেওয়া হয়েছে বলে খবর।

এবার পুরো বিষয়টি লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সাংসদরা তাঁদের জবাব জমা দেওয়ায় বল এখন স্পিকারের কোর্টে রয়েছে। এই বিষয়ে তিনি কী চূড়ান্ত সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে সকলের।