বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী, উদ্বোধন হবে অযোধ্যা-জনকপুর রেল পরিষেবা
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এই সফরেই রামায়ণে বর্ণিত অযোধ্যা ও জনকপুর ধামের মধ্যে নতুন রেল পরিষেবার উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর তিনি ভারতে আসছেন এবং তিন থেকে চার দিন থাকবেন। এই সফরেই দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে অযোধ্যা ও জনকপুর রেল পরিষেবার সূচনা করবেন। আগামী ২৩ নভেম্বর থেকে এই ট্রেন চলাচল শুরু হবে। উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলবে এই ট্রেন। সপ্তাহে একদিন এই রেল পরিষেবা চালু থাকবে। যাত্রাপথে ট্রেনটি উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক স্টেশনে থামবে। স্টেশনগুলির মধ্যে রয়েছে জয়গনগর, মধুবনী, সীতামঢ়ী, রক্সৌল, গোরক্ষপুর এবং অযোধ্যা ধাম। প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেল পথ চালুর ফলে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান এবং অযোধ্যা ভগবান রামের জন্মভূমি হিসেবে পরিচিত। রামায়ণে গুরুত্বপূর্ণ এই দুই স্থানকে রেলপথে যুক্ত করার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে নেপালের পূর্বসূরি প্রধানমন্ত্রীরা ক্ষমতা গ্রহণের পর প্রথম সফরে অন্য দেশ বেছে নিলেও, বলেন্দ্র তাঁর প্রথম সফরে ভারতকেই বেছে নিয়েছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর ও রেল পরিষেবা চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।