RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

দিল্লি সফরে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, চাইছেন ভারতের আর্থিক সাহায্য

প্রথম বিদেশ সফরে দিল্লি এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, বন্যা বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ভারতের আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।

গত আগস্ট মাসের হড়পা বানে ক্ষতিগ্রস্ত নেপাল পুনর্গঠনে ভারতের সহযোগিতা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। প্রথম বিদেশ সফরে রবিবার দিল্লিতে এসেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের বন্যায় নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয় কাটিয়ে উঠতে প্রায় ৫০০ কোটি ডলারের তহবিল প্রয়োজন বলে জানিয়েছে কাঠমান্ডু। এর মধ্যে ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলারের সাহায্য চেয়েছে নেপাল। যার মধ্যে অনুদান ও স্বল্প সুদে ঋণ অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে নেপালে বিপর্যয়ের পর দ্রুত ত্রাণ পাঠায় ভারত।

সোমবারের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জলবায়ু সংকট, বাণিজ্য, জ্বালানি, জলসম্পদ এবং ‘অগ্নিবীর’ কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগের মতো বিষয়গুলি বৈঠকে উঠতে পারে। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে।

বিশ্লেষকদের একাংশের মতে, চিনপন্থী হিসেবে পরিচিত হলেও বলেন্দ্র প্রথম বিদেশ সফরে চিনকে এড়িয়ে দিল্লিকে বেছে নিয়েছেন। তবে কূটনৈতিক মহলের একাংশের মত, পুরোপুরি চিনকে না এড়িয়ে দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন নেপালের প্রধানমন্ত্রী। ভারত সফরের আগে তাঁর দলের সাংসদদের চিন পাঠানো এবং বেজিঙের অনুদান গ্রহণ করার ঘটনাও সামনে এসেছে।