RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

সুন্দরবন থেকে বারাসত বাস পরিষেবা, চালু হল নতুন রুট

সুন্দরবনের সঙ্গে যোগাযোগ সহজ করতে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি কলকাতার পাশ দিয়ে বারাসত পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু করা হল। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুটি নতুন বাসের সূচনা করেছেন সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার। এই পদক্ষেপে সুন্দরবনের বাসিন্দারা উপকৃত হবেন বলে জানানো হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি বাস ধামাখালি থেকে শুরু হয়ে সায়েন্স সিটি, উলটোডাঙা এবং বিমানবন্দর হয়ে বারাসত পৌঁছবে। অন্য বাসটি ন্যাজাট থেকে যাত্রা শুরু করে একই পথ দিয়ে বারাসত পর্যন্ত যাতায়াত করবে। ন্যাজাট থেকে বারাসতের বাসের ভাড়া ধার্য করা হয়েছে ৭৩ টাকা এবং ধামাখালির বাসের ভাড়া রাখা হয়েছে ৭০ টাকা। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই বাসগুলিতে মহিলাদের যাত্রার জন্য কোনও ভাড়া দিতে হবে না।

বাস চালুর দিনে বিধায়ক সনৎ সর্দার জানান, সুন্দরবনের সঙ্গে কলকাতার যাতায়াত এবার আরও সহজ হবে। আগামী দিনে এই রুটে আরও বেশি বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে রাসপূর্ণিমার সময় বালুরঘাট এবং শিলিগুড়ি থেকে মায়াপুর পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছিল। শিলিগুড়ি থেকে মায়াপুরগামী বাসের ভাড়া ৩৭৮ টাকা এবং এতে আসন রয়েছে বায়ান্নটি। এই বাসগুলি নিয়মিত যাত্রীদের পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াত অনেকটাই সহজ করেছে।