RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

হরমুজে ট্যাঙ্কারে হামলা, তীব্র নিন্দা দিল্লির

হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি, এখনও পর্যন্ত এক ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।

হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক জানিয়েছে, গত ১৬ নভেম্বর ‘এমটি তারা গ্যাস’ নামের ওই এলপিজি ট্যাঙ্কারে হামলা চালানো হয়। জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক সওয়ার ছিলেন।

মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ২১ জনকে ওমানের খাসাব বন্দরে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। আহত দু’জন নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও এক ভারতীয় নাবিকের খোঁজ মিলছে না।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত। নিরীহ নাবিকদের উপর এই ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

আমেরিকা ও ইরানের সংঘাতের ফলে গত কয়েক মাস ধরেই হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ওই অঞ্চলে অন্তত চারটি তেলের ট্যাঙ্কার হামলার মুখে পড়েছে। ইরানের নৌসেনার দাবি, সংরক্ষিত এলাকায় নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রবেশ করার কারণে মাইন বিস্ফোরণে অন্য একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।