RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত চালু হল নতুন সরাসরি বাস পরিষেবা

শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুর ইসকন পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হলো। রবিবার এই বাসের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

রাসপূর্ণিমার আগে উত্তরবঙ্গবাসীর জন্য নতুন বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। রবিবার শিলিগুড়ি থেকে মায়াপুরের ইসকন পর্যন্ত এই বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। সোমবার থেকে যাত্রীরা এই পরিষেবা পেতে শুরু করেছেন।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ৫২ আসনের এই বাসটি একদিন অন্তর চলাচল করবে। প্রতিদিন সকাল ৬টায় বাসটি শিলিগুড়ি থেকে রওনা দেবে। প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা সময় নিয়ে সেটি সন্ধ্যায় মায়াপুর ইসকনে পৌঁছবে। এরপর পরের দিন সকাল ৬টায় মায়াপুর থেকে ফের শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকনের এই বাসের ভাড়া ধার্য করা হয়েছে ৩৭৮ টাকা। পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, আগে সরাসরি কোনও বাস না থাকায় নবদ্বীপ বা কৃষ্ণনগর হয়ে ঘুরপথে যাতায়াত করতে হতো পুণ্যার্থীদের। এই সরাসরি বাস চালু হওয়ায় পর্যটক ও ধর্মপ্রাণ মানুষ উপকৃত হবেন।

অন্যদিকে, রাসপূর্ণিমা উপলক্ষে রবিবার নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোর উদ্বোধন করেন। এ দিন নবদ্বীপের উন্নয়নে একাধিক আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপে অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজের জন্য দু'কোটি টাকা এবং গোশালার জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি। এ ছাড়াও শহরের পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ এবং লঞ্চ পরিষেবা চালুর কথা জানান মুখ্যমন্ত্রী।