RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নতুন সংস্কৃত বই ধর্মশিক্ষার জন্য নয়, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

ধর্মশিক্ষা বা বেদ পড়ানোর উদ্দেশ্যে নয়, কেবল ভাষা হিসেবে সংস্কৃত শেখাতেই সরকারি স্কুলে নতুন বই আনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

রাজ্যের সরকারি স্কুলে নতুন সংস্কৃত পাঠ্যবই চালুর আসল উদ্দেশ্য ব্যাখ্যা করলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পড়ুয়াদের ধর্মশিক্ষা দেওয়া কিংবা বেদ পড়ানো এই উদ্যোগের লক্ষ্য নয়। একটি প্রাচীন ভাষা হিসেবে সংস্কৃতের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য তৈরি নতুন দুই সংস্কৃত বইয়ের প্রচ্ছদ উন্মোচন করেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে সপ্তম শ্রেণির বইটির নাম রাখা হয়েছে ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির বইটির নাম ‘কিরণ’। নতুন এই পাঠ্যক্রম নিয়ে নানা মহলে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে মন্ত্রী জানান, ভাষা শিক্ষাই এই বইগুলোর একমাত্র উদ্দেশ্য।

শিক্ষাদপ্তরের এই নতুন বইগুলোতে পঠনপাঠনের পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হয়েছে। পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে বইগুলিতে প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে। সপ্তম শ্রেণির ‘অরুণ’ বইটিতে সাড়ে চারশোটির বেশি ছবি রয়েছে। অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইতেও বহু ছবি রাখা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বইয়ের পাতাতেই প্রশ্নোত্তর লেখার আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তা সংস্কৃত ভাষায় তুলে ধরে ভাষাটিকে সহজ করার চেষ্টা করা হয়েছে। বইগুলিতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য এবং ‘বন্দে মাতরম’ স্থান পেয়েছে। পড়ুয়াদের আগ্রহ ধরে রাখতে কমিকসেরও সাহায্য নেওয়া হয়েছে।