RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কন্যাসন্তান নিয়ে গর্ব, সিউড়ি হাসপাতালে চালু বিশেষ সেলফি জোন

কন্যাসন্তানের জন্মকে উৎসব হিসেবে সেলিব্রেট করতে বীরভূমের সরকারি হাসপাতালে চালু হলো বিশেষ সেলফি জোন।

কন্যাসন্তান জন্মের পর পরিবারের মানসিকতা বদলাতে অভিনয় উদ্যোগ শুরু হয়েছে বীরভূমে। সমাজ থেকে বৈষম্য দূর করতে জেলার সরকারি হাসপাতালে তৈরি হয়েছে বিশেষ সেলফি জোন।

বৃহস্পতিবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই নতুন পরিষেবার উদ্বোধন করেছেন জেলাশাসক ধবল জৈন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জন্মলগ্ন থেকেই মেয়েদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য।

উদ্বোধনের দিন প্রসূতি বিভাগে কন্যাসন্তান জন্ম নেওয়া মায়েদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। তাঁদের সঙ্গে প্রশাসনের আধিকারিকরাও সেলফি তোলেন। এছাড়া শিশু দিবস উপলক্ষে গত ১৪ নভেম্বর থেকে জেলায় সচেতনতামূলক প্রচার চলছে।

প্রশাসনের আধিকারিকদের মতে, জেলার লিঙ্গানুপাত সন্তোষজনক হলেও বাল্যবিবাহ এবং মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা এখনও পুরোপুরি দূর হয়নি। সেই কারণেই এই প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

সিউড়ির পাশাপাশি বীরভূমের সমস্ত সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগেও এই সেলফি জোন চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।