RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অযোধ্যা থেকে জনকপুর ট্রেন পরিষেবা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৩ নভেম্বর অযোধ্যা থেকে জনকপুর পর্যন্ত নতুন ট্রেন পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের ধর্মীয় যোগাযোগ বাড়াতে নতুন ট্রেন চালু হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত একটি নতুন যাত্রীবাহী ট্রেনের সূচনা হওয়ার কথা রয়েছে। রেল বোর্ড সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারচুয়ালি এই পরিষেবার উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহেরও।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেনটি। ভগবান রামের জন্মভূমি অযোধ্যার সঙ্গে দেবী সীতার জন্মস্থান জনকপুরকে জুড়বে এই নতুন রেলরুট। আপাতত সপ্তাহে মাত্র একদিন এই ট্রেনটি চলাচল করবে। উত্তরপ্রদেশ এবং বিহারের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি থাকবে ট্রেনটির।

স্টেশনগুলির তালিকার মধ্যে রয়েছে জয়গনগর, মধুবনী, সীতামঢ়ী, রক্সৌল, গোরক্ষপুর এবং অযোধ্যা ধাম। এই রেল যোগাযোগ চালুর ফলে দুই দেশের তীর্থযাত্রী এবং পর্যটকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এলাকার স্থানীয় ব্যবসা, হোটেল এবং হস্তশিল্পের বাজারও চাঙ্গা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।