RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিশুদিবসে পিছিয়ে পড়া শিশুদের পাশে, শিক্ষা ও খাদ্যসামগ্রী তুলে দিল সংগঠন

শিশু দিবসে উলুবেড়িয়ার কয়েকটি আইসিডিএস কেন্দ্রের খুদেদের হাতে শিক্ষা ও খাদ্যসামগ্রী তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শিশু দিবসের দিন সমাজে পিছিয়ে থাকা শিশুদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

শনিবার উলুবেড়িয়া-১ ব্লকের তিনটি আইসিডিএস কেন্দ্রে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড়গাছিয়া মোল্লাপাড়া, উত্তর পালপাড়া শীতলাতলা এবং মৌবেশিয়া মধ্যপাড়া আইসিডিএস কেন্দ্রের ৩ থেকে ৬ বছর বয়সি শিশুদের হাতে স্কুলব্যাগ, পঠনপাঠনের সামগ্রী ও খাদ্য তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পিছিয়ে থাকা শিশুদের উন্নতির পথ প্রশস্ত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। উলুবেড়িয়া-১ ব্লকের শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রের শিক্ষিকারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এমন পদক্ষেপের ফলে প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনায় আরও উৎসাহ পাবে।