কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলকাতায় রিং রোড তৈরির ঘোষণা নীতীন গড়করির, খরচ ১৪ হাজার কোটি
মেদিনীপুর থেকে কলকাতায় রিং রোড তৈরির পাশাপাশি গঙ্গাসাগরকে সড়কপথে যুক্ত করার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।
কলকাতার যানজট দূর করতে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে রেখে এই ঘোষণা করেন তিনি। এই প্রকল্পে ১৪ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী।
মেদিনীপুরের সরকারি মঞ্চ থেকে কেন্দ্রীয়মন্ত্রী জানান, মুম্বই ও পুণের মডেলে কলকাতার পরিকাঠামো উন্নত করা হবে। একই সঙ্গে চেন্নাই ও পুণের মতো এক পিলারে একাধিক স্তরের সেতু ও মেট্রো চলাচলের ব্যবস্থার কথা জানান তিনি। দ্রুত বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গঙ্গাসাগরকেও সড়কপথে যুক্ত করার বড় ঘোষণা করেন নীতীন গড়করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদন মেনেই গঙ্গাসাগরের জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে বলে জানান তিনি। এর ফলে সারা দেশ থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের যাতায়াত সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।