ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
কাশ্মীরে কোনও স্থানীয় জঙ্গি নেই, দাবি অমিত শাহের
উপত্যকায় আর কোনও সক্রিয় স্থানীয় জঙ্গি নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উপত্যকায় এখন আর কোনও স্থানীয় যুবক সশস্ত্র কার্যকলাপে যুক্ত নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার অরুণাচল প্রদেশের বান্দেরদেওয়াতে এক অনুষ্ঠানে তিনি জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত শেষ স্থানীয় সদস্য নিহত হয়েছেন। বর্তমানে যারা সক্রিয় রয়েছে, তারা সকলেই বিদেশি বলে দাবি করেন তিনি। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের ফলেই উপত্যকায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে তাঁর মত।
অন্য একটি প্রসঙ্গে অরুণাচলের সিয়াং নদীর উপর প্রস্তাবিত বাঁধ প্রকল্প নিয়ে স্থানীয়দের উদ্বেগের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমেই এই বিষয়ে সমাধান করা হবে। তিব্বতে চিনের জলবিদ্যুৎ প্রকল্পের প্রতিক্রিয়ায় ভারত এই বাঁধ তৈরির পরিকল্পনা করেছে।