RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভাব রয়েছে, বইতে দাবি সোনিয়ার

নিজের নতুন আত্মজীবনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের কথা এবং রাহুল গান্ধীর রাজনৈতিক সংগ্রাম নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

নরেন্দ্র মোদির সঙ্গে বিগত এক দশকের বেশি সময় ধরে কোনও প্রকৃত যোগাযোগ নেই বলে দাবি করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর প্রকাশিত নতুন আত্মজীবনীতে তিনি লিখেছেন, সংসদের অন্দরে সৌজন্য বিনিময় ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আর কোনও কথা হয় না। এমনকি সামনাসামনি হলে প্রধানমন্ত্রী চোখ এড়িয়ে চলেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে মোদির সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা নেই বলে বইতে স্পষ্ট জানিয়েছেন কংগ্রেস নেত্রী। পাশাপাশি, আরএসএস থেকে মোদির এই শীর্ষ পদে উঠে আসার বিষয়টিও নিজের স্মৃতিকথায় উল্লেখ করেছেন তিনি।

এই বইয়ে ছেলে রাহুল গান্ধীর রাজনৈতিক জীবন ও তাঁর সংগ্রাম নিয়েও মুখ খুলেছেন সোনিয়া। রাজনৈতিক ময়দানে ছেলেকে যেভাবে নিয়মিত ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে, তা তাঁকে ব্যথিত করত বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে রাহুলের বিরুদ্ধে চলা আক্রমণ দেখে তাঁর মন ভেঙে যেত বলে লিখেছেন সোনিয়া। কঠিন সময়ে রাহুল বাড়ি ফিরলে তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরতেন এবং তাঁর পছন্দের খাবার রান্না করে দিতেন। ছেলেমেয়ে রাজনীতিতে আসার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বেগে ভুগতেন বলেও স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী।