খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
দলে হিন্দু-মুসলিম বিভাজন নেই, সিরাজ বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীরের কোচ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ও ক্রিকেটীয় বিতর্ক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ সিরাজ। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলও। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ছোটবেলার কোচ সঞ্জয় ভরদ্বাজ। তাঁর দাবি, ভারতীয় দলে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই।
আসন্ন টেস্ট ম্যাচে ভারতের পেস আক্রমণে রয়েছেন জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ, অংশুল কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলা সত্ত্বেও সিরাজকে বাইরে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অতীতে মহম্মদ শামিকে দল থেকে বাদ দেওয়া নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। গম্ভীরের প্রাক্তন রাজনৈতিক পরিচয় টেনেও অনেকে সমালোচনা করছেন।
সমস্ত বিতর্ক উড়িয়ে সঞ্জয় ভরদ্বাজ জানিয়েছেন, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, দল নির্বাচনের ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা থাকে না। দলের প্রয়োজন, কম্বিনেশন এবং খেলোয়াড়দের ফর্ম দেখেই চূড়ান্ত একাদশ ঠিক করা হয়। গম্ভীরের সঙ্গে সিরাজের সুসম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বোর্ড বা কোচ কেউ ব্যক্তিগত ক্ষোভ থেকে দল বানান না বলে দাবি তাঁর।
অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ প্রশ্ন তুলেছেন সিরাজের নাম নিয়ে। পালটা বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী জানিয়েছেন, ক্রিকেট দল নিয়েও ভোট রাজনীতি করছে কংগ্রেস। খেলোয়াড়দের দেশের প্রতিনিধি হিসেবে দেখার বার্তা দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করার পক্ষে সওয়াল করেছে বিজেপি।