RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

চন্দননগর পুজোয় ভিআইপি এন্ট্রি নিষিদ্ধ, কড়া নিরাপত্তা

চোরবাগান কাণ্ডের জেরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভিআইপি এন্ট্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোরবাগানের ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভিআইপি এন্ট্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পুজো কমিটি। এছাড়া শোভাযাত্রা ও নিরঞ্জনে ডিজে এবং সব ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো রাজ্য উৎসবের মর্যাদা পেয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই উৎসবের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার ২৫টি সেক্টর করা হয়েছে। প্রতিটি সেক্টরে একজন ইনচার্জের দায়িত্বে ১৭৫ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন অনুষ্ঠিত হবে। মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। প্রতিমা নিরঞ্জনের জন্য চন্দননগর থানায় আটটি এবং ভদ্রেশ্বর থানায় ছয়টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। প্রতিটি গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, নিরাপত্তা রক্ষায় একাধিক পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তথা বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই পুজোকে রাজ্য উৎসবের স্বীকৃতি দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ। শুক্রবার প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।