RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কালীপুজোয় শব্দবাজির তাণ্ডব, বিস্ফোরক পোস্ট মুছে ফেললেন রূপা

কালীপুজোর রাতে শহরজুড়ে শব্দবাজির দৌরাত্ম্য নিয়ে ক্ষোভপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়।

কালীপুজোর রাতে শহরজুড়ে চলল তীব্র শব্দবাজির তান্ডব। নিয়ম লঙ্ঘন করে অবাধে বাজি ফাটানোর জেরে নাজেহাল হন সাধারণ মানুষ থেকে রোগীরা। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন ছিল, এই শব্দ কবে থামবে এবং তিনি ঘুমাতে পারছেন না বলে জানান। যদিও কিছু সময় পর সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন।

শব্দদূষণের মাত্রা কতটা পৌঁছেছে তা খতিয়ে দেখতে রবিবার রাতে রাস্তায় নামে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ। সংগঠনের কর্মীরা পরিমাপক যন্ত্র নিয়ে শহরের বিভিন্ন হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ান। রাত সাড়ে আটটা নাগাদ তাঁরা বিসি রায় শিশু হাসপাতালের সামনে পৌঁছন। সংগঠনের এক সদস্য সুদীপ্ত ভট্টাচার্য জানান, শান্তিমণ্ডল বা সাইলেন্ট জোনে অ্যাম্বিয়েন্ট নয়েজ বা শব্দের মাত্রা পাওয়া গিয়েছে ৭৬.২ ডেসিবেল এবং সর্বোচ্চ ৯২.৮ ডেসিবেল পর্যন্ত রেকর্ড হয়েছে।

সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত জানান, যেখানে শান্তিমণ্ডলে শব্দের মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবেলের মধ্যে থাকার কথা, সেখানে তা অনেক উঁচুতে পৌঁছেছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও নিয়ম মানা হয়নি। আর জি কর হাসপাতাল চত্বরেও বাজি ফাটানোর অভিযোগ ওঠে। সংগঠনের কর্মীরা সেখানে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়।