পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
স্ত্রীর ফোন না ধরায় বধূ নির্যাতন নয়, মামলা খারিজ করল হাই কোর্ট
স্বামীর বিরুদ্ধে আনা বধূ নির্যাতনের মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।
স্ত্রীর ফোন না ধরা বা পাল্টা ফোন না করাকে বধূ নির্যাতন বলা যায় না। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪৯৮এ ধারার মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলার শুনানি ছিল।
ঘটনাটি হাওড়ার বাগনানের। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতির বিয়ে হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে স্ত্রী বাগনান থানায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়। সেই মামলা বাতিল করার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী।
হাই কোর্টের পর্যবেক্ষণ, স্বামীর বিরুদ্ধে শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগগুলি অত্যন্ত অস্পষ্ট। অভিযোগকারিণী নির্যাতনের কোনো নির্দিষ্ট তারিখ, সময় বা ঘটনার বিবরণ দিতে পারেননি। এমনকি পণের জন্য কোনো চাপ বা নির্যাতনের কথাও অভিযোগে উল্লেখ নেই। আদালত জানিয়েছে, এমন কোনো আচরণ এখানে নেই যা স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দিতে পারে বা তাঁর জীবন ও স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে।
বিচারপতি অজয়কুমার গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, ৪৯৮এ ধারায় অপরাধ প্রমাণ করতে হলে নির্দিষ্ট নিষ্ঠুরতার প্রমাণ প্রয়োজন। কেবল ফোনের উত্তর না দেওয়াকে কোনোভাবেই নিষ্ঠুরতা বা নির্যাতন হিসেবে গণ্য করা যায় না। এই সব কারণ দেখিয়েই আদালত স্ত্রীর করা মামলাটি খারিজ করে দিয়েছে।