RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নাগেরবাজারে হস্টেলে এনআরএস চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, উঠছে খুনের অভিযোগ

নাগেরবাজারে হস্টেলের ঘর থেকে এক চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে র‌্যাগিং ও খুনের অভিযোগ তোলা হয়েছে।

নাগেরবাজারে একটি হস্টেলের ঘর থেকে এনআরএস মেডিক্যাল কলেজের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। বাড়ি নদিয়ার নাকাশিপাড়া থানার মাঝেরগ্রাম এলাকায়। তিনি নাগেরবাজারের মডার্ন হস্টেলে থাকতেন। রবিবার কালীপুজোর বিকেলে তাঁর দেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ ২০১৪ সালে এমবিবিএস পাস করেন এবং বর্তমানে এমডি করার প্রস্তুতি নিচ্ছিলেন। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করে বাঁচার আর্্তি জানিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, খুন। তাঁদের অভিযোগ, অভিজিৎকে দীর্ঘদিন ধরে র‌্যাগিং করা হতো এবং হুমকি দেওয়া হতো। তাঁর বাবা ও দিদিরা দাবি করেছেন, অভিজিতের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হতো এবং তাঁকে শারীরিক নির্যাতন করা হতো।

পরিবারের দাবি অনুযায়ী, মৃত্যুর মাত্র কিছুক্ষণ আগেও পরিবারের এক সদস্যের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেই সময়েও তিনি নানা সমস্যার কথা জানান। মৃত্যুর আগে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখা ছিল, তাঁকে যেন মারা না হয় এবং তাঁর সুরক্ষার প্রয়োজন রয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।