পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কোচবিহারে ভেঙে পড়ল পুরনো সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
রেলের ভারী সরঞ্জাম বোঝাই ট্রাক ওঠার পরেই ভেঙে পড়ল কোচবিহারের আমবাড়ির একটি পুরনো সেতু।
সোমবার সকালে কোচবিহারের আমবাড়ি এলাকায় একটি সেতু ভেঙে পড়ে। ঘড়ঘড়িয়া নদীর ক্যানালের উপর অবস্থিত এই সেতুটির বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতুটি দুর্বল ছিল এবং সাধারণত এর উপর দিয়ে হালকা যানবাহন চলাচল করত।
প্রশাসন সূত্রে খবর, রেলের ভারী সরঞ্জাম নিয়ে তিনটি ট্রাক ওই সেতু দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথম দুটি ট্রাক পার হয়ে গেলেও, তৃতীয় ট্রাকটি ওঠার পরেই সেতুটি আর ভার সহ্য করতে পারেনি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি ক্যানালের জলে তলিয়ে যায়।
সেতুটি ভেঙে যাওয়ায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর ওপারে একটি হাইস্কুল এবং বাজার রয়েছে। সপ্তাহের শুরুর দিনে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে কোচবিহারের বিডিওর উদ্যোগে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।