RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিমতায় লরি উল্টে মৃত ১, পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগে বিক্ষোভ

নিমতায় লরি উল্টে এক ব্যক্তির মৃত্যুর জেরে তুলকালাম। টাকা তোলার জন্য ধাওয়া করার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

নিমতায় বেপরোয়া গতির লরি উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্টগামী কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি লেন।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, 'MVI' লেখা একটি গাড়ি লরিটিকে ধাওয়া করেছিল। সেই তাড়া খেয়ে পালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় এবং এক ব্যক্তিকে চাপা দেয়। তোলা আদায়ের জন্য গাড়িটি লরিটিকে ধাওয়া করছিল বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।

দুর্ঘটনার পর পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পথ অবরোধের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।