RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অন্ধ্রে ওএনজিসি-র গ্যাস লিক, নিরাপদ আশ্রয়ে সরানো হল পাঁচশো পরিবার

অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ওএনজিসির গ্যাস কূপ থেকে গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে শত শত পরিবারকে।

অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ওএনজিসির একটি গ্যাস কূপ থেকে আচমকাই গ্যাস বেরোতে শুরু করে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনার জেরে আশপাশের অঞ্চল থেকে প্রায় আটশো মানুষকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে চলতি বছরে ওই অঞ্চলে চারবার গ্যাস লিক হলো।

প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ২১৬ নম্বর জাতীয় সড়কের কাছে গেড্ডাডা গ্রামের একটি গ্যাস কূপে রি-ড্রিলিংয়ের কাজ চলার সময় এই বিপত্তি ঘটে। বিকট শব্দে গ্যাস বেরোতে শুরু করায় গোটা এলাকা গ্যাসের চাদরে ঢেকে যায়। যদিও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। দ্রুত পদক্ষেপ করে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা চার থেকে পাঁচশো পরিবারের প্রায় আটশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

জেলাশাসক মহেশকুমার রবিলালা জানান, গ্যাস ওপরের দিকে উঠে যাওয়ায় বড় বিপদের আশঙ্কা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম, আলো ও গ্যাসের উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে সরিয়ে আনা গ্রামবাসীদের দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনার খবর পেয়ে ওএনজিসির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ওএনজিসির কর্মীরা লিকেজ সারানোর কাজ চালাচ্ছেন এবং সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বারবার এমন ঘটনা ঘটায় সংস্থার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।