RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ডিলিমিটেশন বিল নিয়ে সরব বিরোধীরা, জ্ঞানেশ কুমারকে নিশানা রাহুলের

ডিলিমিটেশন বিল ও জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের নির্বাচনী মানচিত্র নিজেদের অনুকূলে তৈরি করতে পারে কেন্দ্র। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি এই বিষয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ডিলিমিটেশন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের হাতে তুলে দেওয়া হচ্ছে।

আইন অনুযায়ী, ডিলিমিটেশন কমিশনের নেতৃত্বে তিনজন সদস্য থাকবেন। যাঁদের মধ্যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে কেন্দ্রীয় সরকার নিয়োগ করবে। এ ছাড়া পদাধিকার বলে অথবা মনোনীত করার মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনার এই কমিশনে থাকবেন। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার কিংবা রাজ্যপাল মনোনীত প্রতিনিধিও কমিশনে স্থান পাবেন। জ্ঞানেশ কুমারের কার্যকালের মধ্যেই এই সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাহুল গান্ধীর মতে, এই পদক্ষেপের ফলে ভোটের আগেই শাসক দল বিশেষ সুবিধা পাবে। তাঁর আরও অভিযোগ, এর মাধ্যমে বিরোধী শক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের আপত্তির কথা জানাতে শুরু করেছে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী জোট।