RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা, বিরোধী ঐক্যের ডাক কুণালের

প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন মঞ্চ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

স্ট্র্যান্ড রোডে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে একই মঞ্চে দেখা গেল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। এই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু, শুভঙ্কর সরকার, সুজন চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের মতো নেতারা।

কুণাল ঘোষ বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়া হলে এবং ধর্মের নামে বিভাজন তৈরি হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে হবে। তিনি জানান, দেশের স্বার্থে সব দলের নেতৃত্বকে এক হয়ে লড়াইয়ের কথা ভাবতে হবে। অতীতেও রাজনৈতিক দলগুলি প্রয়োজনে একসঙ্গে কাজ করেছে বলে জানান তিনি। শুধু মঞ্চে বসে বক্তব্য না রেখে বৃহত্তর লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি।

এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্য বিজেপি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, বিমান বসু এবং মহম্মাদ সেলিমদের একসঙ্গে একটি মহামিছিলে হাঁটতে দেখা যাক। অতীতে নানা দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, জনগণ এই রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করেছে।