প্রবাসী বাঙালি · রাষ্ট্রিক্স ওয়্যার
লন্ডনের মলে বর্ণবিদ্বেষের শিকার অক্সফোর্ডের ভারতীয় ছাত্রী, ছড়াল বিতর্ক
লন্ডনের শপিং মলে শ্বেতাঙ্গ মহিলার বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন অক্সফোর্ডের এক ভারতীয় ছাত্রী।
বিদেশে পড়াশোনা করতে গিয়ে নানা সময় বর্ণবিদ্বেষের মুখে পড়েন ভারতীয় পড়ুয়ারা। সম্প্রতি লন্ডনের একটি শপিং মলে এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় ছাত্রী। কামাক্ষী নামের ওই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গত সপ্তাহে তিনি লন্ডনের একটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেই সময় এক শ্বেতাঙ্গ মহিলা তাঁর কাছাকাছি এসে কটূক্তি করেন বলে অভিযোগ।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওয় কামাক্ষী দাবি করেছেন, ওই শ্বেতাঙ্গ মহিলা তাঁকে জানান যে তাঁর শরীর থেকে অত্যন্ত খারাপ গন্ধ বেরোচ্ছে। কামাক্ষীর বক্তব্য, তিনি বাবার প্রিয় একটি সুগন্ধী মেখে বের হয়েছিলেন। কিন্তু ওই মহিলার আচরণে তাঁর মনে হয়েছে, সুগন্ধী নয়, বরং তিনি ভারতীয় বলেই তাঁকে এভাবে অপমান করা হয়েছে। ছাত্রীর মতে, এটি এক ধরনের সূক্ষ্ম আগ্রাসন।
তবে এই অপমানের পরেও কামাক্ষী ক্ষিপ্ত না হয়ে সহনশীলতার বার্তা দিয়েছেন। ভিডিওয় তিনি জানান, প্রাত্যহিক জীবনে ছোটোখাটো এমন অনেক লড়াই তাঁদের লড়তে হয়। পালটা আক্রমণ না করে শান্ত থাকার পক্ষেই সওয়াল করেছেন তিনি। তাঁর এই ভিডিওটি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এবং তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।