ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
তাজমহল ঘোরার অনুমতি পেলেন পাক মন্ত্রী, তবে নিজামুদ্দিনে নিষেধাজ্ঞা
দিল্লিতে এসসিও বৈঠকে যোগ দিতে আসা পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মাসুদকে তাজমহল ঘোরার অনুমতি দিলেও নিজামুদ্দিন দরগায় যাওয়ার ছাড়পত্র দিল না কেন্দ্র।
দিল্লিতে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের তিন দিনের সিভিক ডায়লগ। সেখানে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে আসার পর তিনি তাজমহল এবং নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে তাঁকে তাজমহল দেখার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি। এর ফলে ভারতে ওই পাক মন্ত্রীর গতিবিধি সীমিত করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২০২৩ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রী ভারত সফরে এলেন। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে। বিরোধীদের দাবি, যে দেশ ভারতকে রক্তাক্ত করেছে, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে কেন। অতীতে সিন্ধু নদের জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছিলেন এই পাক মন্ত্রী। চলতি বছরের শুরুতে তিনি হুশিয়ারি দিয়েছিলেন, ইসলামাবাদের জলসম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে। এমন একজন মন্ত্রী বর্তমানে তিন দিনের সফরে ভারতে রয়েছেন।