RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

পাকিস্তানকে ভেঙে প্রদেশ পুনর্গঠনের পরিকল্পনা, তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড়

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক অঞ্চল তৈরির ভাবনা সেনাপ্রধানের, রাজনৈতিক মহলে তীব্র বিরোধিতার মুখে এই পরিকল্পনা।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দেশটির প্রদেশগুলি ভেঙে নতুন প্রশাসনিক অঞ্চল তৈরির পরিকল্পনা করেছেন বলে খবর। জানা গিয়েছে, পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ ভেঙে মোট ১২ থেকে ১৫টি নতুন অঞ্চল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সেনাপ্রধানের এই ধারণার উদ্দেশ্য পাকিস্তানের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন করা। তবে এই প্রস্তাব নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিন্ধু প্রদেশের বিভিন্ন অংশে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবি তুলেছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই পাঞ্জাব প্রদেশে বসবাস করেন, অন্যদিকে আয়তনে সবচেয়ে বড় বেলুচিস্তানে জনসংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রশাসনিক পরিবর্তনের পক্ষে সওয়ালকারীরা মনে করছেন, এই বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ।

তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে একাধিক বাধা রয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সাংবিধানিক সংশোধনী বা রাজনৈতিক ঐকমত্য গড়ে ওঠেনি। সেনাপ্রধান দাবি করেছেন, এর মাধ্যমে দেশের মানুষ আরও কাছাকাছি আসবে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে ফেডারেল কাঠামো দুর্বল হতে পারে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো শাহবাজ সরকারের বিরুদ্ধে সিন্ধু প্রদেশকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এমন পদক্ষেপ করা হলে করাচিতে তীব্র রক্তপাত হতে পারে। ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে এই পরিকল্পনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।