বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
গোপন আস্তানায় সরাল পাক সেনা, আতঙ্কে লস্কর ও জইশ প্রধান
প্রাণনাশের ভয়ে আতঙ্কে থাকা লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে গোপন আস্তানায় সরিয়ে নিয়ে গেল পাক সেনা।
প্রাণনাশের আশঙ্কায় থাকা দুই কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সইদ ও মাসুদ আজহারকে সুরক্ষিত ঠিকানায় সরিয়ে নিয়ে গেল পাকিস্তানের সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তইবার প্রধান হাফিজকে লাহোর থেকে রাওয়ালপিন্ডির একটি সামরিক ছাউনি এলাকায় এবং জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদকে সিন্ধু প্রদেশের একটি গোপন ঘাঁটিতে রাখা হয়েছে।
পাকিস্তানজুড়ে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় সম্প্রতি বহু জঙ্গি নিহত হয়েছে। গত তিন থেকে চার বছরে লস্করের ৩০ জনেরও বেশি সদস্যের রহস্যমৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই নিরাপত্তা আশঙ্কার কারণেই দুই জঙ্গি নেতার গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে এবং তাদের সরাসরি যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
লস্কর প্রধান এখন কেবল অডিও বার্তার মাধ্যমে বার্তা পাঠান এবং তার সুরক্ষা অনেকটাই বাড়ানো হয়েছে। অন্যদিকে, জইশ প্রধান মাসুদও কেবল নির্দিষ্ট কিছু শীর্ষ কমান্ডারের সঙ্গেই যোগাযোগ রাখছেন। উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ। পাশাপাশি পুলওয়ামা ও পাঠানকোট হামলার মতো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে মাসুদের নাম।
এদিকে পাক সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে হাফিজ জেলবন্দি রয়েছে। তবে গোয়েন্দা সংস্থাগুলির মতে, এই দাবি সম্পূর্ণ অসত্য এবং তিনি অত্যন্ত সুরক্ষিত আশ্রয়ে রয়েছেন।