পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কোচবিহারে ধৃত পাক গুপ্তচর, পর্যটকের বেশে উত্তরবঙ্গে এসে তথ্য জোগাড়ের অভিযোগ
পর্যটকের বেশে উত্তরবঙ্গে এসে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে কোচবিহার থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল এনআইএ।
উত্তরবঙ্গের স্পর্শকাতর এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। ধৃত যুবকের বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। পর্যটক হিসেবে ভারতে ঢুকে তিনি তথ্য সংগ্রহ করছিলেন বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। বৃহস্পতিবার বিকেলে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের আসল নাম হোসেন মহম্মদ সেলিম এবং তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। তবে তাঁর পকেট থেকে উদ্ধার হওয়া একটি ভিজিটিং কার্ডে অনিল আসগর কালহোরো নামের এক পাকিস্তানি কূটনীতিকের নাম পাওয়া গিয়েছে, যিনি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে কর্মরত। বাগডোগরা ও হাসিমারার মতো শিলিগুড়ি করিডরের আশপাশের সামরিক ঘাঁটিতে ওই যুবক রেইকি চালিয়েছিলেন বলে অভিযোগ।
কয়েক দিন আগে পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন সেলিম। তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকায় কেন্দ্রীয় গোয়েন্দারা কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করেছিলেন। এরপর বৃহস্পতিবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে এনআইএ, আইবি, বিএসএফ এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে দিনহাটা থেকেও পাক গুপ্তচর সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত সেলিমের সঙ্গে তাঁদের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পর ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।