RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

এআইয়ের সাহায্যে বোমা তৈরির ছক, লাহোরে গ্রেপ্তার পাক কিশোর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বোমা বানানোর পরিকল্পনা করার অভিযোগে লাহোর থেকে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ব্যবহার করে বোমা বানানোর পদ্ধতি জানার অভিযোগ উঠল এক পাকিস্তানি কিশোরের বিরুদ্ধে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়স ১৭ বছর এবং সে লাহোরের বাসিন্দা ও প্রথম বর্ষের ছাত্র। মার্কিন কৃত্রিম মেধা সংস্থা অ্যানথ্রোপিকের ক্লড চ্যাটবটের সঙ্গে সে যোগাযোগ করেছিল। পটাশিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ও চিনির মিশ্রণে বিস্ফোরক তৈরির উপায় জানতে চাওয়ার পাশাপাশি একটি কলেজে হামলার পরিকল্পনা করেছিল সে।

অ্যানথ্রোপিক সংস্থার তরফে এফবিআইকে এই বিষয়ে জানানো হয়। এর পরেই মার্কিন গোয়েন্দারা পাকিস্তানের সংস্থাকে বিষয়টি জানান। সোমবার এনসিসিআইএ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন।

তদন্তকারীরা অভিযুক্তের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন। তবে তার বাড়ি থেকে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। হামলার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।