RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভিড়ের চাপে বন্ধ পুজো মণ্ডপ, চন্দননগরে কড়া নিরাপত্তা

অতিরিক্ত ভিড়ের জেরে বন্ধ করতে হল মানকুণ্ডুর পুজো মণ্ডপ, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রবিবার সন্ধ্যায় হুগলির মানকুণ্ডুতে উপচে পড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড় এবং ভিআইপি কনভয় ঢোকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত আটটা নাগাদ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকেই মানকুণ্ডু স্টেশন রোড ও সার্কাস মাঠ চত্বরে মানুষের স্রোত নামে। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের। এ দিন ওই মণ্ডপে আসেন বিজেপির কয়েকজন বিশিষ্ট নেতা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে পৌঁছলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর পরেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

দুর্গাপুজোর সময়ে উত্তর কলকাতার একটি পুজোয় ভিড়ের চাপে অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে এবার চন্দননগরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, চন্দননগর ও ভদ্রেশ্বর পুজো এলাকাকে মোট পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এগারোটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডিসিপি এবং এসিপি পদমর্যাদার কর্তারা।