পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অজানা জন্তুর আতঙ্কে কাঁটা গোয়ালতোড়, আক্রান্ত একাধিক গবাদি পশু
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে অজানা জন্তুর হামলায় আক্রান্ত অন্তত ৫০টি গবাদি পশু, আতঙ্কিত এলাকাবাসী।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় অজানা জন্তুর আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। গত কয়েকদিন ধরে এখানকার ভেদুয়া মজুরিপাড়া গ্রামে গোয়ালে রাখা গরু ও ছাগলের শরীরে একাধিক আঁচড় ও কামড়ের দাগ দেখতে পান স্থানীয়রা। এখনও পর্যন্ত প্রায় ৫০টি গবাদি পশু আক্রান্ত হয়েছে। হামলাকারী জন্তুটি হায়না নাকি অন্য কিছু, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বনদপ্তর।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গ্রাম পরিদর্শনে যান গড়বেতার বিধায়ক প্রদীপ লোধ। তাঁর তৎপরতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক দল। আহত পশুগুলির চিকিৎসা ও টিকাকরণের কাজ শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, আক্রান্ত গবাদি পশুগুলিকে আগামী এক মাস ধরে ভ্যাকসিন দেওয়া হবে।
জন্তুটির হামলায় আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামগুলিতেও। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আহত পশুগুলির দুধ পান না করার পরামর্শও দেওয়া হয়েছে। হামলাকারী জন্তুটিকে দ্রুত চিহ্নিত করে ধরার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।