ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মোবাইল ব্যবহারে বিবাদ, মেয়েকে খুন করে নিখোঁজের গল্প বাবা-মার
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় মোবাইল ব্যবহারে আসক্তির জেরে ১৪ বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে।
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠল তার বাবা-মায়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারের জেরে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত দম্পতি প্রথমে থানায় গিয়ে মেয়েকে নিয়ে মিথ্যা নিখোঁজ ডায়েরি করেছিল।
মৃতের নাম কনকলতা মুর্মু, বয়স ১৪ বছর। বাড়ি পূর্ব সিংভূম জেলার কমলপুর থানার লায়াডিহ গ্রামে। এলাকাটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার সীমানার কাছে অবস্থিত। পুলিশ সূত্রে খবর, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আসক্ত থাকা নিয়ে মেয়ের উপর ক্ষুব্ধ ছিল পরিবার। গত ১০ নভেম্বর সেই কারণে বাবা রবীন্দ্র মুর্মু ও মা সুমণির সঙ্গে কিশোরীর তীব্র বচসা বাধে।
অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বাবা। এর পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। অপরাধ ঢাকতে বাড়ি সংলগ্ন একটি পাথর খাদানের জলে মৃতদেহ ফেলে দেয় ওই দম্পতি। এর পরে কমলপুর থানায় উপস্থিত হয়ে মেয়ের নিখোঁজ হওয়ার মিথ্যা অভিযোগ দায়ের করেন বাবা রবীন্দ্র।
ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত ১৩ নভেম্বর ওই পাথর খাদানের জল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিবারের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জেরা শুরু করে। জেরায় অসঙ্গতি মেলায় বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।