RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একাংশ ভাঙচুর, ক্ষোভ প্রকাশ বিজেপির

বাংলাদেশে বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়ির একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বঙ্গ বিজেপি।

বাংলাদেশে চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। রাজশাহীর মিয়াপাড়ায় অবস্থিত ওই ঐতিহাসিক বাড়িতে এর আগেও একাধিকবার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এই ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্য বিজেপি।

বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, এই ধরনের হামলা কেবল একটি পুরনো ইমারতের উপর আক্রমণ নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের চিহ্ন মুছে ফেলার গভীর ষড়যন্ত্র। দলটির দাবি, পূর্ববঙ্গের বাঙালির ইতিহাস ও শেকড় ধ্বংস করার অপচেষ্টা চলছে। পাশাপাশি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে গড়া পশ্চিমবঙ্গ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে ঘরটির দেওয়াল ভাঙা হয়েছে, সেখানে কিছুদিন আগেই পরিচালকের জন্মশতবর্ষ পালিত হয়েছিল। সেই দেওয়ালে তাঁর একটি প্রতিকৃতি এবং বেশ কিছু ছবির নাম আঁকা ছিল। বর্তমানে সেই অংশটি কেবল লাল ইটের স্তূপ ও ভাঙা পাঁচিলে পরিণত হয়েছে। গত ২০২৪ সালেও এই পৈতৃক ভিটের ওপর হামলা হয়েছিল বলে খবর মিলছে।