RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতায় তৈরি হতে চলেছে দেশভাগের স্মৃতিবিজড়িত মিউজিয়াম, পাঞ্জাবের ধাঁচে সাজবে সংগ্রহশালা

দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু জীবনের লড়াইকে তুলে ধরতে কলকাতায় তৈরি হচ্ছে নতুন মিউজিয়াম।

দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু জীবনের লড়াইকে তুলে ধরতে কলকাতায় তৈরি হচ্ছে নতুন মিউজিয়াম। পাঞ্জাবের অমৃতসরের আদলে এই সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের জন্য উত্তর কলকাতার পোস্তা এলাকার পুরনো টাঁকশালের জমি অথবা রাজারহাটের জায়গা বিবেচনা করা হচ্ছে। পুরো প্রকল্পের জন্য প্রায় ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন হতে পারে।

তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিশেষজ্ঞ অরিন্দম মুখোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন। জাদুঘরে শরণার্থীদের ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী যেমন চিঠিপত্র, দলিল, চাবি, সেলাই মেশিন, গয়না এবং হস্তশিল্প সংরক্ষিত থাকবে। প্রযুক্তি ব্যবহার করে এই সংগ্রহশালাকে ইন্টারঅ্যাকটিভ এবং ৩৬০ ডিগ্রি অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দেশভাগের পর দণ্ডকারণ‌্য, আন্দামানে বসতি স্থাপন এবং মরিচঝাঁপির মতো ঘটনার ইতিহাসও এখানে তুলে ধরা হবে। এছাড়া পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাও এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হতে চলেছে। বিধানসভায় তাঁর দেওয়া ভাষণের সংকলনও এখানে রাখা হবে।

প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অরিন্দমবাবু। তিনি জানান, দেশভাগের সঙ্গে যুক্ত স্মৃতিচিহ্ন সংগ্রহের জন্য সাধারণ মানুষের কাছে পুরনো ডায়েরি, পাণ্ডুলিপি বা নথিপত্র দানের আবেদন জানানো হবে। উল্লেখ্য, ভারতে অমৃতসর ও দিল্লিতে ইতিমধ্যে দুটি পার্টিশন মিউজিয়াম রয়েছে।