কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
আফ্রিকা যাওয়া আটকাতে বিমানের শৌচাগারে হুমকিবার্তা, গ্রেপ্তার সোদপুরের যাত্রী
অফিসের কাজে আফ্রিকা যেতে না চাওয়ায় বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকিবার্তা লিখেছিলেন সোদপুরের এক যাত্রী।
কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়া বিমানের শৌচাগারে হাইজ্যাকের হুমকিবার্তা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় এই ঘটনা সামনে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটকে সতর্ক করা হলে বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে এনে নিরাপদ স্থানে রাখা হয়।
তদন্তে নেমে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের আধিকারিকরা বিমানের ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করেন। চিরকূটে থাকা লেখার সঙ্গে মিল খুঁজে পাওয়ায় ৫৫ বছর বয়সী পার্থপ্রতীম নন্দী নামের এক যাত্রীকে আটক করা হয়। সোদপুরের বাসিন্দা ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন।
জেরায় অভিযুক্ত জানিয়েছেন, তাঁর অফিস তাঁকে জোর করে আফ্রিকার একটি দেশে পাঠাচ্ছিল। তিনি সেই সফর এড়াতে চেয়েছিলেন। তাঁর ধারণা ছিল, বিমানের ভেতরে হাইজ্যাকের হুমকি দিলে সেই উড়ান বাতিল হয়ে যাবে এবং তাঁকে আর বিদেশে যেতে হবে না। সেই পরিকল্পনা থেকেই তিনি মানিব্যাগের ভেতর থাকা কাগজে ব্লক লেটারে ইংরেজি হরফে হুমকিবার্তা লিখে শৌচাগারে ফেলে রেখেছিলেন। এই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।