পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বিনামূল্যে দূরপাল্লার সরকারি বাস বুক করেও গরহাজির যাত্রীরা, কড়া পদক্ষেপ পরিবহণ দপ্তরের
বিনামূল্যে দূরপাল্লার সরকারি বাসের টিকিট বুক করেও যাঁরা যাতায়াত করছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে পরিবহণ দপ্তর।
রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু এই সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠছে। অনেকেই অনলাইনে দূরপাল্লার সরকারি বাসের টিকিট বুক করলেও যাত্রার দিন উপস্থিত থাকছেন না। ফলে বাস ফাঁকা থাকছে এবং অন্য যাত্রীরা আসন না পেয়ে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কড়া পদক্ষেপের কথা জানাল পরিবহণ দপ্তর।
পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, যাঁরা বিনামূল্যে টিকিট বুক করে বাসে উঠছেন না, তাঁদের চিহ্নিত করা হবে। অভিযুক্তদের ৩ মাসের জন্য অনলাইন বুকিং থেকে নিষিদ্ধ করা হবে। মন্ত্রীর কথায়, অনেকেই ৩০ থেকে ৩৫টি সিট বুক করলেও গাড়ি খালি যাচ্ছে। এই ধরনের প্রবণতা রুখতে বিশেষ সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে।
মহিলা যাত্রীরা আধার কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে টিকিট বুক করেন। কিন্তু একটি ফোন নম্বর থেকে কতগুলি টিকিট কাটা যাবে, তার নির্দিষ্ট সীমা না থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে। কোন নম্বর থেকে ফ্রি টিকিট কেটে যাতায়াত করা হচ্ছে না, তা সফটওয়্যারের মাধ্যমে খতিয়ে দেখে সংশ্লিষ্ট নম্বরগুলির বুকিং বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।