RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভুল রক্তে রোগীর মৃত্যু, জলপাইগুড়ি হাসপাতালে চাঞ্চল্য

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল, যদিও সমস্ত গাফিলতির কথা উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম বীরেন্দ্রনাথ শর্মা, বয়স ৬৩ বছর। তিনি জলপাইগুড়িরই বাসিন্দা ছিলেন। পরিবারে অভিযোগ, এবি পজেটিভ (AB+) রক্তের পরিবর্তে ওই রোগীকে এ পজেটিভ (A+) গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল। এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। উলটো দিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই রোগীর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। পাশাপাশি তাঁর ক্রিয়েটিনিনের মাত্রাও অত্যন্ত বেশি ছিল। সেই কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি হাসপাতালের।